প্রকাশিত: ২১ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ মে, ২০২৫

স্বামী হত্যার বিচার চায় স্ত্রী, ৭২ ঘণ্টার মধ্যে মামলা তুলে নিতে হুমকি

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’ সংবাদ সম্মেলনে এমন দাবি করেন নিহত জাকিরের স্ত্রী ফাতেমা খাতুন হিরা।

বুধবার (২১ মে) সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের অফিসে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে এই অভিযোগ করেন নিহত জাকির হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন হিরা।

তিনি বলেন, আমার স্বামী জাকির হোসেনকে নির্মমভাবে খুন করা হয়। ঘটনার পর থানায় মামলা নিলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। আমাকে ৭২ ঘণ্টার মধ্যে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার হচ্ছে।

সংবাদ সম্মেলনে ফাতেমা খাতুন হীরা অভিযোগ করে বলেন, যুবলীগ করার কারণে গত ৫ আগস্টের পর থেকে এক প্রকার আত্মগোপনে ছিল জাকির। এরমধ্যে কখনও সে বাড়িতে যায়নি। গত কিছুদিন আগে সোনাপুর বাজারে আমাদের নিজস্ব কিছু মাটি কাটার সময় স্থানীয় নজরুল, ইউছুফ, রাসেলসহ মামলার অন্য আসামিরা চাঁদা দাবি করে এবং পরে সেই টাকা না পেয়ে ভেকু মেশিনে আগুন ধরিয়ে দেয় তারা। গত ১৩ মে তাদের পরিচিত একজন মেশিনটি মেরামতের জন্য চৌমুহনীতে জাকিরের কাছে আসেন।

তিনি আরও বলেন, দুপুরে চৌমুহনী চৌরাস্তার সুপার স্টার হোটেল থেকে ওই ব্যক্তিসহ জাকির ভাত খেয়ে বের হলে রাসেল, রাকিব, ইউছুফ, বাবু, তুহিন, মিশু ও সাদ্দামসহ কয়েকজন জাকিরকে ধরে সিএনজিযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখান থেকে তাদের চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে তারা সোনাইমুড়ীর বিভিন্ন সড়কে ঘুরিয়ে চলন্ত সিএনজিতে শ্বাসরোধ করে জাকিরকে হত্যা করে বেগমগঞ্জের পলোয়ান পোলের কাছে খালের মধ্যে ফেলে দিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করে এবং বাবু ও সিএনজি চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও অভিযোগ করে বলেন, জাকিরকে হত্যার ঘটনায় তিনি বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই থেকে মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তার বাড়িতে এসে জাকিরের চেয়ে আরও ভয়াবহ পরিণতি হবে বলে হুমকি দিয়ে গেছেন মামলার আসামি হেজবুলের স্ত্রী। সবশেষ গত ১৯ মে বিকেলে মামলা তুলে নিতে তাকে ৭২ ঘণ্টার সময় দেয় মামলার আসামিরা। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে অন্তরে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন হীরা।

আরও পড়ুন