প্রকাশিত: ২৯ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ মে, ২০২৫

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সাথে নৌ-যোগাযোগ বন্ধ

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ার সাথে সকল ধরনের নৌ-যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট বিরূপ আবহাওয়া এবং সমুদ্র উত্তাল থাকায় জননিরাপত্তার কথা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার সকাল থেকে হাতিয়ার সাথে চট্টগ্রাম, ঢাকা এবং নোয়াখালীর মূল ভূখণ্ডের সকল নৌরুটে যাত্রী ও মালামাল পরিবহন বন্ধ রয়েছে।

সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে নৌ-পুলিশের সদস্যরা উপজেলার প্রধান নৌঘাটগুলোতে গিয়ে যাত্রী পারাপার বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় ঘাটগুলোতে মোতায়েন থাকা নৌ-পুলিশ যাত্রী ও নৌযান মালিকদের অবহিত করেন এবং ছোট ও মাঝারি আকারের নৌযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

নলচিরা, চেয়ারম্যান ঘাট এবং তমরদ্দি ঘাটে গিয়ে দেখা গেছে, যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও কাউকে নৌযানে উঠতে দেওয়া হয়নি। অনেকে জরুরি প্রয়োজনে যাত্রার জন্য ঘাটে এলেও ফিরে যেতে বাধ্য হন।

উপজেলার বিভিন্ন ঘাটে দায়িত্ব পালনরত নৌ-পুলিশ সদস্যরা জানান, “উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, যাত্রী ও নৌযান নিরাপত্তার স্বার্থে আমরা ঘাটে কঠোর অবস্থানে আছি। যতক্ষণ না আবহাওয়া স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নৌ-চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

অন্যদিকে, সকাল থেকে হাতিয়ায় ঘন মেঘে আকাশ ছেয়ে গেছে। দিনের বেলায়ও আলো কম, আর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে থেমে থেমে। সমুদ্র এলাকায় বাতাসের গতি বৃদ্ধি পেয়েছে এবং ঢেউয়ের উচ্চতাও বেড়েছে। স্থানীয়ভাবে সাগরকে ‘অত্যন্ত উত্তাল’ বলে উল্লেখ করেছেন জেলেরা।

এ অবস্থায় মাছধরায় নিয়োজিত সকল ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের পক্ষ থেকে ট্রলার মালিকদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “বর্তমানে হাতিয়া উপজেলা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ঘোষিত ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আমরা আগেভাগেই সকল ধরনের নৌ-যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রেখেছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।”
তিনি আরও জানান, স্থানীয় জনগণকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, হাতিয়া একটি নদী ও সাগরবেষ্টিত দ্বীপ উপজেলা হওয়ায় এখানকার নৌ-যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক শত শত মানুষ এ দ্বীপ থেকে মূল ভূখণ্ডের সাথে যাতায়াত করে থাকেন। তাই এমন পরিস্থিতিতে নৌ চলাচল বন্ধ হয়ে পড়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে প্রশাসন বলছে, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় বিষয়।

আরও পড়ুন