প্রকাশিত: ১ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ জুন, ২০২৫

ঈদের বন্ধের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস-বকেয়া পরিশোধ কর

নিউজ ডেস্ক : ঈদের বন্ধের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস-বকেয়া পরিশোধ কর। ছাত্রদের প্রতিবাদ মিছিলে হামলাকারী শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার কর, বিচার করার দাবি করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, নয়াগণতান্ত্রিক গণ মোর্চা, ইউপিডিএফ এর নেতৃবৃন্দ।

ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস-বকেয়া পরিশোধের দাবীসহ বিভিন্ন স্থানে ছাত্রদের মিছিলে জামাত-শিবিরের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, নয়াগণতান্ত্রিক গণমোর্চা ও ইউপিডিএফ-এর উদ্যোগে ১ জুন ২০২৫, রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, নয়াগণতান্ত্রিক গণ মোর্চা নেকন্দ্রীয় নেতা নাঈম উদ্দিন, ইউপিডিএফ এর সুনয়ন চাকমা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারীরা কখনো খুশিমনে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব করতে পারেনা। শ্রমিকদের ক্ষেত্রে অধিকাংশ মালিকের নির্দয় আচরণ ঈদের পূর্বে আরও ভয়ংকর রূপ নেয়। প্রতিবছর ঈদ আসলে মালিক-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-বোনাসসহ বিভিন্ন পাওনা নিয়ে নানাবিধ অজুহাত সৃষ্টি করে। এমনকি বিনা নোটিশে কারখানা বন্ধ করে গা ঢাকা দেয়। এ বিষয়ে সরকার-সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো কার্যকর উদ্যোগ নেয়না। উপরন্তু শ্রমিকরা যখন তাদের শ্রম-ঘামের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে বাধ্য হয়, তখন সরকার মালিকদের পক্ষ নিয়ে পুলিশ দিয়ে হামলা-মামলা-গ্রেফতার করে, গুলি করে হত্যা করে। এখনো টি এন জেডসহ অনেক গার্মেন্টসের শ্রমিকরা গত ঈদের পাওনাও পায়নি। ফলে প্রতি ঈদের আগে শ্রমিকদের খুশির পরিবর্তে অমানবিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।

বক্তারা ঈদের ছুটির আগেই চলতি মাসের বেতন-বোনাসসহ সমুদয় পাওনা পরিশোধের জোর দাবি করেন।

নেতৃবৃন্দ চিহ্নিত যুদ্ধাপরাধী আজহারুলের বেকসুর খালাস এবং চট্টগ্রাম-রাজশাহীসহ বিভিন্ন এলাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে শিবিরের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করেন। তারা বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির এই হামলার দায় সরকার কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। সরকারের প্রশ্রয়ে এই অপশক্তি বেপরোয়া আচরণ করছে। বক্তাগন ৭১-এর সকল যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাসহ সারাদেশে জামাত-শিবিরের সন্ত্রাস রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

আরও পড়ুন