প্রকাশিত: ২২ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ জুন, ২০২৫

সোনাইমুড়ীতে জমি বিবাদের জেরে পুকুরে মিলল কামরুলের লাশ

মোহাম্মদ হানিফ, নিজস্ব প্রতিনিধি : সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের চৌধুরী বাড়ির পশ্চিম পাশের একটি পুকুর থেকে আজ সকালে মো. কামরুল (৪০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী এবং নিহতের স্বজনরা বলছেন, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বাড়ির পশ্চিম পাশের পুকুরে কামরুলের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। প্রথমে স্বজনরা লাশ দিতে অস্বীকৃতি জানালেও, বর্তমান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনের আশ্বাসে তারা পুলিশকে সহযোগিতা করেন। ফারুক হোসেন জানান, তিনি এলাকার সকলের সাথে হত্যাকাণ্ডের বিচারের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আইনগত যাবতীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বেগমগঞ্জ সার্কেল, নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার, পিপিএম মোহাম্মদ নাজমুল হাসান রাজিব ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত সকল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং এলাকার সকলকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশের এই উচ্চপর্যায়ের আশ্বাসে স্বজনদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নিহত কামরুলের স্বজনরা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন