প্রকাশিত: ২২ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ জুন, ২০২৫

হাতিয়ায় মাছ ঘাটের নাম পরিবর্তন : নতুন নাম ‘হাতিয়া ফিশারিজ ঘাট’

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় মাছ ঘাটের নাম পরিবর্তন করেছে স্থানীয় মাছ ব্যবসায়ীরা। রোববার (২২ জুন) বিকেলে উপজেলা সদর ওছখালীর স্টার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে মাছ ব্যবসায়ী সমিতির নেতারা জানান, বুড়িরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সূর্যমুখী বাজারসংলগ্ন এলাকায় স্থাপিত ঘাটটির পূর্বের নাম ছিল ‘প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাট’। তবে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের পক্ষ থেকে তার নামে ঘাটের নাম না রাখার অনুরোধ আসায় ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে ঘাটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

লিখিত বক্তব্যে মাছ ব্যবসায়ী নেতা সুমন তালুকদার বলেন, “দুই মাস আগে ঘাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিন্তু সম্প্রতি ফজলুল আজিম সাহেব আমাদের অনুরোধ করেন, তার নামে ঘাটের নাম না রাখতে। তাই আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, ঘাটের নতুন নাম হবে ‘হাতিয়া ফিশারিজ ঘাট’। গত দুই দিন ধরে এখানে আনুষ্ঠানিকভাবে মাছ বেচাকেনাও শুরু হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাতিয়া ফিশারিজ ঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোমিন উল্যাহ রাসেল, সাধারণ সম্পাদক আহসান উদ্দিন, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন, সদস্য সুমন তালুকদার, রহিম উদ্দিন, শাহাব উদ্দিন, মো. ওসমান, রুবেল উদ্দিন রনি ও মো. আরিফ উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম, সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেনসহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন