প্রকাশিত: 23 June, 2025
সর্বশেষ আপডেট : 23 June, 2025

হাতিয়ায় নতুন মাছ ঘাট নির্মাণের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :  হাতিয়ার সূর্যমুখী বাজারে ৩০ বছরের পুরাতন মাছ ঘাটের পাশে নতুন ঘাট স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে সূর্যমুখী উত্তর পাড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা।

সোমবার (২৩ জুন) সকাল ১১টায় আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন প্রায় ৫ শতাধিক মাছ ব্যবসায়ী, জেলে, খুচরা বিক্রেতা, শ্রমিক ও তাদের পরিবার। তারা নতুন ঘাট বন্ধের দাবি জানিয়ে বলেন, একঘাটে দুই বাজার হলে সংঘাত অনিবার্য।

সূর্যমুখী মাছ ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন বলেন, “এই ঘাটটি জেলে-ব্যবসায়ীদের জীবনের সঙ্গে জড়িত। এখানে নতুন ঘাট হলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

ব্যবসায়ী মো. ইব্রাহীম অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পর একটি চাঁদাবাজ গোষ্ঠী নিজেদের বিএনপির অঙ্গ সংগঠনের পরিচয় দিয়ে আমাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা খালের দক্ষিণ পাশে আরেকটি ঘাট চালু করে। তারা প্রথমে সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিমের নামে ঘাট চালানোর চেষ্টা করলেও তিনি আপত্তি জানান।

মাছ ব্যবসায়ী মো. শরীফ উদ্দিন বলেন, “তারা আমাদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি নিজে ২০ হাজার টাকা দিয়েছি। তারপরও হুমকি থামেনি। পরে বহিরাগতদের দিয়ে ২০ জুন নতুন ঘাট উদ্বোধন করে।

বক্তারা আরও বলেন, “একই বাজারে দুটি ঘাট চালু থাকলে সংঘর্ষ, হামলা ও খুন-খারাবির আশঙ্কা রয়েছে। বিষয়টি প্রশাসন গুরুত্ব দিয়ে না দেখলে বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। ব্যবসায়ীরা দাবি করেন, প্রশাসনিক অনুমোদন ছাড়াই নতুন ঘাট নির্মাণ করা হয়েছে। দ্রুত তা বন্ধ না হলে জেলে ও ব্যবসায়ীদের জীবিকা হুমকির মুখে পড়বে।

আরও পড়ুন