প্রকাশিত: ২৭ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ জুন, ২০২৫

বসুরহাট পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়নে জরিপকৃত তথ্য উপস্থাপন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে জরিপকৃত তথ্য উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং শেলটেক কনসালট্যান্টস (প্রা.) লিমিটেডের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বসুরহাট পৌরসভা এলাকার ভূপ্রকৃতি, ভূমি ব্যবহার, জনসংখ্যা, সড়ক নেটওয়ার্ক, যানবাহন চলাচল, অবকাঠামো, সেবাসুবিধা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক জরিপকৃত তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান ও কারিগরি দলের সদস্যরা।

পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হালিম উল্লাহর সভাপতিত্বে এবং বাজার পরিদর্শক করিমুল হক সাথীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর ফরহাদ শামীম। তিনি বলেন, “বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই শহর হিসেবে গড়ে তুলতে একটি বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে জনগণের মতামত ও অংশগ্রহণকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী প্রকৌশলী মো. ইয়াসিন এবং শেলটেক কনসালট্যান্টস-এর টিম লিডার চৌধুরী আক্তার হোসাইন, সিনিয়র কনসালট্যান্ট (সার্ভে) মো. শাহাদাত হোসেন, আরবান প্ল্যানার আল মুস্তাকিন অপূর্ব, সহকারী আরবান প্ল্যানার মো. সিফাত রেজা, অলিউল্লাহ রিমন ও আব্দুল বাসেত ভূঁইয়া।

এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পৌর কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে পরিবেশবান্ধব ও নাগরিক-বান্ধব আধুনিক শহরে রূপান্তর করা সম্ভব। এই ধরনের তথ্যভিত্তিক কর্মশালা ভবিষ্যতের টেকসই নগর উন্নয়নের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন