প্রকাশিত: 2 July, 2025
সর্বশেষ আপডেট : 2 July, 2025

নোবিপ্রবির হল থেকে গাঁজা জব্দ, ২ শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আব্দুল মালেক উকিল হলের একটি কক্ষ থেকে গাঁজা জব্দ করেছে হল প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হলের ২০৯ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর সরকার ও উসাইং সি।

হল সূত্রে জানা যায়, এক আবাসিক শিক্ষার্থীর সিট সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে ওই কক্ষে গেলে উপস্থিত হন হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. তসলীম মাহমুদ এবং সহকারী প্রভোস্টরা। আগের সংবাদের ভিত্তিতে রুমে তল্লাশি চালিয়ে দুইটি পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা জব্দ করা হয়। এরপর রুমটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।

পরে অভিযুক্তদের হল অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জব্দ করা গাঁজা রাখার কথা স্বীকার করে। পরে তাদের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নেওয়া হয়।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. তসলীম মাহমুদ বলেন, আমরা একটি সিট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ২০৯ নম্বর রুমে যাই। আগেই কিছু তথ্য ছিলো আমাদের কাছে। সেখান থেকেই সন্দেহভাজনদের রুমে তল্লাশি চালালে লকারে গাঁজা পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিক হল প্রশাসন ব্যবস্থা নেয় এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিতভাবে বিষয়টি জানিয়েছি, যাতে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনার পর পুরো হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে নীতিতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন