
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়েছে। এমন ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।
রোববার (১৩ জুলাই ২০২৫) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরে সর্বত্র তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কিন্তু শিক্ষার্থীরা যদি দুর্বৃত্ত দ্বারা হামলার শিকার হন, তা অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যদি দৈনন্দিন যাতায়াতে নিরাপত্তাহীনতায় ভোগেন, তা তাদের স্বাভাবিক জীবনকে ঝুঁকিতে ফেলে।
এমন পরিস্থিতিতে উপাচার্য শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, শনিবার (১২ জুলাই) বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হাজীপুর এলাকায় দুর্বৃত্তদের দ্বারা হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন নোবিপ্রবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থী। তারা হলেন- অনিমেষ দেব নাথ, সৌমেন বড়ুয়া ও কাজী মো. সাউদুজ্জামান। তারা ওই দিন রাতে চট্টগ্রাম থেকে বাসযোগে নোবিপ্রবি ক্যাম্পাসে ফিরছিলেন। ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :