
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : শিক্ষার অগ্রযাত্রায় নতুন প্রেরণা জোগাতে সেনবাগ উপজেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জনকল্যাণ ফাউন্ডেশন। সম্প্রতি ছাতারপাইয়া বসন্তপুর ঈদগাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৫ সালের এসএসসি, দাখিল এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি কোরআন শরীফ, বই ও পরিবেশবান্ধব চারাগাছ তুলে দেওয়া হয়। রবিবার (০৮/০৮/২০২৫) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে পুরো এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
মেধাবীদের সম্মান, আগামী দিনের কারিগর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া। তিনি মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানানোর এই উদ্যোগকে নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ দেশ গড়ার প্রধান কারিগর।তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং দেশের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
মাদকবিরোধী কঠোর বার্তা প্রধান অতিথি তার বক্তব্যে মাদক নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। ছাতারপাইয়া ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যদি আমার নিজের সন্তানও মাদকের সঙ্গে জড়িত থাকে, তবে আমি তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তুলে দিবেন। মাদক সেবনকারী ও বিক্রেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, বসন্তপুর এলাকায় কোনো ধরনের মাদক সেবন বা বিক্রি চলবে না এবং এ ধরনের কাজে জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাই জাতির মেরুদণ্ড.জনকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ফাউন্ডেশনের সাবেক সহ-সভাপতি জনাব মোঃ আশরাফুল হক ভূঁইয়া। তিনি বলেন, ফাউন্ডেশন শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সমাজের বিভিন্ন জনহিতকর কাজেও অবদান রেখে চলেছে। এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তিনি বিশ্বাস করেন, এই সংবর্ধনা কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যেও ভালো ফল করার একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীম সরোয়ার সবুজসহ হাজী মিলন হোসেন, মোঃ মশিউর রহমান, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ মাকসুদুর রহমান, মোঃ মফিজুর রহমান এবং ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা বিপুল উৎসাহ নিয়ে এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন।
আপনার মতামত লিখুন :