প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ আগস্ট, ২০২৫

লাইসেন্সবিহীন গাড়ি ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সোনাইমুড়ীতে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শনিবার  (৬আগস্ট, ২০২৫) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে আইন ভঙ্গকারী একাধিক যানবাহন আটক করা হয়েছে।

যৌথ বাহিনীর এই সমন্বিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, দীর্ঘদিন ধরে সড়কে অনিয়ন্ত্রিত চলাচল এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছিল। এই ধরনের অভিযান সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকরী ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অভিযানের সময় চালক ও আরোহীদের ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতন করা হয় এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযানে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাদের সমন্বিত প্রচেষ্টায় সোনাইমুড়ীর সড়কে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন