প্রকাশিত: 20 August, 2025
সর্বশেষ আপডেট : 20 August, 2025

কোম্পানীগঞ্জে ১১ বছর পর আলোচিত সাত খুন মামলার আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে আলোচিত সাত খুন মামলার সাত নম্বর আসামি মানিক তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জামায়াত-শিবিরের সংঘর্ষে সংঘটিত ওই হত্যাকাণ্ডের মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মিয়াজি বাড়ি—ওরফে খাল ব্যপারী বাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মানিক তালুকদার আবুল কালামের ছেলে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মইনুল হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, বুধবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জে সংঘটিত এ ঘটনায় জামায়াত-শিবির কর্মীরা হামলা চালিয়ে সাতজনকে নির্মমভাবে হত্যা করে। পরে নিহতদের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করলে একাধিক আসামির নাম উল্লেখ করা হয়। সেই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন মানিক তালুকদার।

আরও পড়ুন