
যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার যুক্তরাজ্যে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। হেলিকপ্টারটিতে হাইড্রোলিক সমস্যা দেখা দেওয়ায় এ ঘটনা ঘটে। সূত্র: বিবিসি।
হেলিকপ্টারটি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারি বাসভবন চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাচ্ছিল। পথে পাইলটরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় একটি বিমানবন্দরে অবতরণ করেন। পরে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট দেরিতে ট্রাম্প স্ট্যানস্টেডে পৌঁছান।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে যাত্রা অব্যাহত রাখেন।
যুক্তরাজ্য সফরে বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য ট্রাম্প ‘মেরিন ওয়ান’ ব্যবহার করছিলেন। মঙ্গলবার রাতে তিনি স্ট্যানস্টেডে পৌঁছান এবং পরে মধ্য লন্ডনের উইনফিল্ড হাউসে যান। যা মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন।
বুধবার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি উইন্ডসর ক্যাসেলে রাজা ও রানির সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার ট্রাম্প চেকার্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন। যৌথ সংবাদ সম্মেলনে তারা ইউক্রেন, গাজা এবং অবৈধ অভিবাসনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে তার সঙ্গে স্টারমারের মতপার্থক্য রয়েছে। আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন স্টারমার।
আপনার মতামত লিখুন :