
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আল-আনফাল ফাউন্ডেশন তাদের সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছে। শুক্রবার সন্ধ্যায় চরহাজারী ১নং ওয়ার্ডে অবস্থিত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শহীদ উল্যাহ সাহেব। তিনি সংগঠনের লক্ষ্য, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবহিত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্ল্যাহ। তিনি তার বক্তব্যে সমাজসেবা এবং সমাজের উন্নয়নে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আবদুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম এবং বাটইয়া ইউনিয়ন জামাতে ইসলামীর আমির মাওলানা নূর হোসাইন।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, চরহাজারী ১নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি কামরুজ্জামান এবং অফুরন্ত ব্লাড ব্যাংক চরহাজারী ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন। তাঁরা সবাই সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে স্থানীয় জনগণ এবং বিশেষ করে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আলোচনা সভা আল-আনফাল ফাউন্ডেশনের সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী এবং কার্যকর করতে সহায়তা করবে।
আপনার মতামত লিখুন :