• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫

অবৈধ অনুপ্রবেশ রোধে হাতিয়ায় কোস্ট গার্ডের জনসচেতনতামূলক সভা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : উপজেলা হাতিয়ায় অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে সচেতনতামূলক সভা ও আলোচনা কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার উদ্যোগে “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা এতে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে হাতিয়া একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ। সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদকদ্রব্য চোরাচালান ও জলদস্যুতা প্রতিরোধে কোস্ট গার্ডের কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সামাজিক ও পারিবারিক সচেতনতা গড়ে তোলা জরুরি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তার বক্তব্যে বলেন,

“প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। এর পাশাপাশি আমরা সমাজ সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত নানা কর্মসূচি নিয়ে কাজ করছি। তরুণ সমাজকে সঠিক পথে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

সভায় অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরাও কোস্ট গার্ডের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা জানান, এ ধরনের কর্মসূচি শুধু সচেতনতা বাড়ায় না, বরং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার অনুপ্রেরণাও জোগায়।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরা স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ রোধে সহযোগিতা ও তথ্য প্রদানে উৎসাহিত করেন।

স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের মতে, উপকূলীয় অঞ্চলে নিয়মিত এমন জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করলে তরুণ সমাজ অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে এবং জাতীয় নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন