প্রকাশিত: 28 September, 2025
সর্বশেষ আপডেট : 28 September, 2025

হাতিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এসময় একজন চোরাচালানকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪৫ হাজার টাকা।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাতিয়া উপজেলার নলছিরা ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

টহল চলাকালে নৌবাহিনীর গাড়ি লক্ষ্য করে এক ব্যক্তি স্থানীয় একটি দোকানের সামনে থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নৌবাহিনী দোকানটি তল্লাশি করে। এসময় বিপুল পরিমাণ অবৈধ তেলসহ এক চোরাচালানকারীকে আটক করা হয়।

পরবর্তীতে  আটককৃত বেলালের তথ্য দেওয়া তথ্যের ভিত্তিতে নলছিরা ঘাটের বিভিন্ন দোকানে একাধিক অভিযান চালানো হয়। এসব দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ ব্যারেল এবং ২৯টি প্লাস্টিকের জেরিকেন ভর্তি মোট ৫,৩৭০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা।

আইনানুগ ব্যবস্থা অভিযানে জব্দকৃত জ্বালানি তেল ও আটককৃত চোরাচালানকারীকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং অবৈধ চোরাচালান বন্ধে তাদের তৎপরতা আরও জোরদার করা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নলছিরা ঘাট এলাকায় অবৈধভাবে তেল মজুদ ও বিক্রির মাধ্যমে চোরাচালান কার্যক্রম চলছিল। অনেক সময় এসব অবৈধ তেল ব্যবসার কারণে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়। নৌবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে তারা বলেন, এতে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছেছে।

নৌবাহিনীর কর্মকর্তারা বলেন, “মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। অবৈধ তেল ব্যবসা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নৌবাহিনীর এ সফল অভিযানে আবারও প্রমাণ হলো— আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর তৎপরতা দেশের স্বার্থে কতটা গুরুত্বপূর্ণ। স্থানীয়রা আশা করছেন, এই ধরনের অভিযান চলমান থাকলে হাতিয়ায় চোরাচালান কার্যক্রম আরও অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন