
উপজেলায় প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কোম্পানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
রোববার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল মাঠে বসুরহাট মেডিসিন মার্কেট ও মাওলানা ছফি উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সার্বিক তত্ত্বাবধানে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা থেকে আগত অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে ভিড় জমে যায় সাধারণ মানুষের। দূরদূরান্ত থেকে নারী-পুরুষ ও শিশু রোগীরা এসে লাইনে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এতে মেডিসিন, গাইনি, শিশু, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি রোগী দেখে বিনামূল্যে প্রেসক্রিপশন দেন। একই সঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধও সম্পূর্ণ ফ্রি সরবরাহ করা হয়। প্রায় ৮ শতাধিক সেবা প্রত্যাশী দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমে সেবা গ্রহণ করেন।
ক্যাম্প আয়োজক বসুরহাট মেডিসিন মার্কেটের সত্বাধিকারী মো. নুরুল্লাহ বলেন—“আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। আমরা চাই, কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন। মানবিক দায়বদ্ধতা থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
দিনশেষে ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন বসুরহাট পৌর জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন। তিনি বলেন—“মানুষের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ অধিকার। এই অধিকার নিশ্চিত করার জন্য যারা এগিয়ে এসেছেন, নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্যাম্পে উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :