প্রকাশিত: 23 November, 2023
সর্বশেষ আপডেট : 23 November, 2023

চাটখিলে বাড়ির উঠোনে বানানো হলো ধানের বীজতলা

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলায় ঘূর্ণিঝড় মিথিলি প্রভাব ও দুই দিনের চলমান টানা বৃষ্টিতে স্বপ্নের সোনালী ফসল অধিকাংশ ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। চাটখিলের ৯টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষতি দেখা দিয়েছে। তার মধ্যে বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামে বীজতলা ডুবে যাওয়ায় বাড়ির উঠানকে বোরো ধানের বীজতলা বানিয়েছেন এক কৃষক।

তিনি স্থানীয় বদলকোট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
শুক্রবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝোড়ো হাওয়ার সাথে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হয়েছে। অসময়ের এই বৃষ্টিতে ভেসে গেছে এই এলাকার বেশিরভাগ ধানের বীজতলা। এসময় আগে থেকে জাগ দিয়ে রাখা ধানের বীজ অঙ্কুরিত হয়ে যাওয়ায় সেই বীজ অনেকেই গরুকে খাবার হিসেবেই খাইয়েছেন। অন্যদের পথে না হেটে বিকল্প চিন্তা থেকে নিজের উঠোনে সেই বীজ বপন করেছেন ইউপি সদস্য মাহবুবুর রহমান রুবেল।

মাহবুবুর রহমান রুবেল দৈনিক নোয়াখালীর কথাকে বলেন, ‘ঘুর্ণিঝড় আসার আগেই আমি বীজ তেরি করেছিলাম। কিন্তু মিধিলির সাথে আকষ্মিক বৃষ্টিতে সব বীজতলা ডুবে যায়। উঠোনে এই বীজগুলো বপন করা না গেলে বীজগুলো নষ্ট হয়ে যেতো। তাই নিরুপায় হয়েই এই সমাধান বেছে নিয়েছি।’

রুবেলের এই বিচিত্র কাজ ফেসবুকে দেখে স্থানীয় অনেকেই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। এই অভিনব সমাধানকে ইতিবাচকভাবেই দেখছেন সবাই।
চাটখিল উপজেলা কৃষি অফিসার মোঃ জুনাইদ আলম দৈনিক নোয়াখালীর কথাকে বলেন, ‘উনি ঘূর্ণিঝড় আসার আগেই বীজগুলো জাগ দিয়ে ফেলেছিলেন। অঙ্কুর গজানো ধানগুলো রোপন না করা গেলে নষ্ট হয়ে যেতো। অঙ্কুরিত বীজ বীজতলায় ডুবে যাওয়ায় তিনি বাড়ির উঠোনে ছিটিয়ে বপন করেছেন।’

আরও পড়ুন