প্রকাশিত: 23 January, 2024
সর্বশেষ আপডেট : 23 January, 2024

মানসিক দুশ্চিন্তার কারণে কোম্পানীগঞ্জের ওমান প্রবাসী এক তরুণের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার শাকিল (২৪) নামে এক ওমান প্রবাসী মানসিক দুশ্চিন্তার কারণে ওমানের মাস্কাট শহরে নির্মাণাধীন এক ভবনে আত্মহত্যা করে।

নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।
শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতের দিকে ওমানের মাস্কাট শহরে এ ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি মো. ছালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল ১১ মাস ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান, সেখানে সে ইলেকট্রিক ও পাইপ ফিটারের কাজ করত। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা হয়ে যায়। গত কিছু দিন যাবত এ বিষয় নিয়ে তার মধ্যে হতাশা কাজ করে। কিন্ত আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয়নি।

শনিবার ভোর রাতের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানীর ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।

বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন।

আরও পড়ুন