
উপজেলা প্রতিনিধি, সদর : সাদা ও নীল দলের প্রচারণায় জমে উঠেছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপি দুই প্যানেলে বিভক্ত সাদা ও নীল দল নামে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির হলরুমে গণতান্ত্রিক আইনজীবী সমিতি বাম রাজনৈতিক দল ও আওয়ামী সমর্থিত জোট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ‘সাদা প্যানেল’ পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সবাই সাদা প্যানেলকে জেতাতে একাট্টা হয়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাদা প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুনের সভাপতিত্বে। সাদা প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট গুলজার আহমেদ জুয়েল পিপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কেএম শামসুদ্দিন জেহান, সাদা প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মো. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন না হলে আপনারা কাল কোট পেতেন না,আমরা মুজিব কোট পেতাম না। এই স্বাধীন দেশে বসবাস করে নোয়াখালী জেলা বারকে স্বাধীনতা বিরোধী শক্তিরা রাজনৈতিক কর্মকাণ্ডের স্থান হিসেবে প্রতিনিয়ত ব্যবহার করে আসছে। এখানে আইনজীবীরা চেয়ারে বসতে পারে না। মনে হয় এটা যেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আকড়া। সুতরাং আপনারা যদি আগামী ২৫ তারিখ নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনের সাদা প্যানেলের মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দিয়ে সাদা প্যানেলকে জয়যুক্ত করেন তাহলে জেলা বারকে আইনজীবীদের আবাসন ব্যবস্থা করার জন্য আমরা সম্মিলিত জোট প্রধানমন্ত্রীর কাছে যাব এবং আমরাই সর্বপ্রথম আইনজীবীদের আবাসন ব্যবস্থা করব ইনশাল্লাহ।
আপনার মতামত লিখুন :