প্রকাশিত: 4 July, 2024
সর্বশেষ আপডেট : 4 July, 2024

বেগমগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি চলছে

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ: নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিসহ সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দাবি আদায়ে কাজ বন্ধ রেখে দ্বিতীয়বারের মতো তৃতীয় দিনের আন্দোলনে রয়েছেন।

গতকাল বুধবার (৩ জুলাই) সকাল থেকে বেগমগঞ্জস্থ সদর দপ্তর প্রাঙ্গণে তৃতীয় দিনের মত এই কর্মবিরতি চলছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) বিরুদ্ধে শোষণ, নির্যাতন, নিপীড়নসহ কর্মক্ষেত্রে নানা বৈষম্যের অভিযোগ তুলে এই কর্মবিরতি পালন করছেন তারা। দাবি আদায়ে সোমবার (১ জুলাই) সকাল থেকে দ্বিতীয়বারের মতো এই আন্দোলন শুরু হয়। এর আগে গত এপ্রিল মাসে দাবিদাওয়া পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও, প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।

আন্দোলনে অংশগ্রহণকারী সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীরা বিভিন্ন প্লাকার্ড হাতে নানা স্লোগান দেন। তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সকল জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারগণ, সহকারি ম্যানেজারসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন