প্রকাশিত: 1 November, 2024
সর্বশেষ আপডেট : 1 November, 2024

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন

উপজেলা প্রতিনিধি: গতকাল ১লা নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় সারা দেশের মত  যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক মোঃ ইসহাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা বীরের জাতি, আমাদের যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা তাদের লক্ষ্যে পৌঁছাবে এবং সফল হবে। যুবকদের মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে।

এ সময় তিনি আরো বলেন বাংলাদেশ সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যুবকদের কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে। বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ, যেমন কৃষি, তথ্যপ্রযুক্তি, কারিগরি শিক্ষা ও ব্যবসায়িক দক্ষতার মাধ্যমে যুবকদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি যুব উন্নয়ন অধিদপ্তর নোয়াখালী উপ-পরিচালক মোঃ ইসহাক তার সমাপনী বক্তব্যে যুবসমাজের উদ্দেশ্যে বলেন, আজকের দিনে আমরা অঙ্গীকার করি, নিজেদেরকে শুধু কর্মসংস্থানের দিকে মনোযোগী না রেখে, একটি সুনাগরিক হিসেবে গড়ে তুলব। আমাদের যুব সমাজ শুধু নিজের নয়, দেশের উন্নয়নে অবদান রাখার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মৎস্য অবমুক্ত, বৃক্ষ রোপণ ও বেলুন উড়িয়ে জাতীয় যুব দিবসের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল হোসেন, ও সদর উপজেলা নির্বাহী অফিসার আঁখি নূর জাহান নীলা।আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী উপকারভোগী যুবকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

আরও পড়ুন