উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বয়ারচর টাংকিরঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীতে থেকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।
নৌ-পুলিশ জানায়, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রায়ই নদীতে মাছ ধরতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নো-পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ১হাজার মিটার কারেন্ট জাল, একটি মাছ ধরার ট্রলারসহ ৪ জেলেকে আটক করে। পরে আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুমে ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :