
নিজস্ব প্রতিবেদন : দ্বীপ উপজেলা হাতিয়ার নিরাপদ নৌ যোগাযোগ করার প্রতিশ্রুতি করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল শেষে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ আলী বলেন, হাতিয়ার যত দাবি ছিল প্রায় সব গুলো দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। তিনি শতভাগ বিদ্যুৎ, রাস্তাঘাটের উন্নয়ন, নদী ভাঙ্গন রক্ষায় ৩৮৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এখন মূল সমস্যা হলো নৌ পারাপার। সর্বশেষ সি ট্র্যাক দেওয়া হয়েছে ২০১০ সালে। এটি সাত আট বছর পর ভাল সার্ভিস দেয় না। ফলে হাতিয়ার মানুষের ভোগান্তিতে পড়তে হয়। নৌ পারাপার নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। আমি জয়ী হলে হাতিয়ার নিরাপদ নৌ যোগাযোগ করবো।
মোহাম্মদ আলী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেছেন তাই মনোনয়ন দিয়েছেন। তিনবারের সংসদ সদস্য ছিলাম আমি। আসলে আমি ২২ বছর আগে নির্বাচন করেছি। মাঝে ১০ বছর আমার স্ত্রী সংসদ সদস্য ছিল। বর্তমান সংসদ সদস্য আমার স্ত্রীসহ হাতিয়ার মানুষ এবার আমাকে প্রার্থী করেছে। আমার অনুভূতি অবশ্য ভাল।
উৎসব মুখুর পরিবেশে ভোট হবে উল্লেখ করে মোহাম্মদ আলী বলেন, হাতিয়ার মানুষ নির্বাচন হলে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করে। আমাদের হাতিয়ায় উৎসব মুখুর পরিবেশে সুষ্ঠু ভোট হবে। আমরা চাইবো স্বতঃস্ফূর্ত নির্বাচন, যেনো সবাই অংশগ্রহণ করে। আমি চাইবো সব দল যেনো অংশগ্রহণ করে । তারা যেনো ভালভাবে তাদের প্রচার প্রচারণা করতে পারে সেদিকে আমাদের খেয়াল থাকবে।
এসময় বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস বলেন, আমি দুইবার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। হাতিয়ার মানুষ আমার সাথে ছিল। এবার আমি আমার স্বামী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সাহেবের জন্য কাজ করবো। সবার আশা আকাঙ্খা আমার স্বামীর প্রতি। তিনি সে আশা পূরণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় সাড়ে সাত লাখ লোকের বসবাস।
বেশিরভাগ মানুষ জেলে পেশায় জড়িত হলেও শিক্ষায় সাক্ষর রেখেছেন এই বিচ্ছিন্ন ভূখণ্ডের বাসিন্দারা। নৌ পারাপার তাদের মূল সমস্যা হলেও নদী ভাঙ্গনও অন্যতম সমস্যা ছিল। একনেকের সভায় ২৮৫ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প পাশ হওয়ায় মিষ্টি বিতরণ করে বাসিন্দারা। এবছর
নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীসহ ৫ জন।
আপনার মতামত লিখুন :