
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ায় গরু চুরির হিড়িক পড়েছে। চুরি রোধ করতে এলাকার সাধারন কৃষকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। এদিকে গরু চোরের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার হরণী ইউনিয়নের আলী বাজার এলাকায় নির্বাচনী পথসভায় চুরি রোধ করতে পুরস্কারের ঘোষণা করেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।
জানা যায়, দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীপথে গরু চুরাকারবারি সংঘবদ্ধ একাধিক চক্র সক্রিয় হয়ে উঠেছে। রাতের অন্ধকারে তারা ট্রলার ব্যবহার করে গোয়াল থেকে মানুষের গরু পালিয়ে যাচ্ছে। এঅবস্থায় তারা রাত জেগে পাহারা দিয়েও শেষ রক্ষা করতে পারছেনা। যে কারনে এলাকার কৃষকরা গরু চোর আতংকে দিশেহারা হয়ে পড়েছেন। বিষয়টি উপজেলা পরিষদের নজরে আসলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে বিষয়টি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী নিজস্ব তহবিল থেকে ৪০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।
পথসভায় মোহাম্মদ আলী বলেন, আমাদের হাতিয়ার একটা বড় সমস্যা আছে। তাহলো নদীর কূলে কূলে গৃহস্তদের গরু চুরি। রাতের অন্ধকারে বাহির থেকে এসে ট্রলার দিয়ে গরু গুলো চুরি করে নিয়ে যায়। গৃহস্তের কান্না মেনে নেওয়া কঠিন। আর দুই একটা ঘটনা ঘটেছে স্প্রে মেরে মানুষকে অজ্ঞান করে টাকা নেওয়া।
মোহাম্মদ আলী আরও বলেন, উপজেলা পরিষদ ঘোষণা দিয়েছে চোরের তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আমি ঘোষণা দিয়েছি ৪০ হাজার টাকা। গরু চোর ধরা লাগবে না, শুধু চোরের তথ্য দিলেই হবে। গরু চুরির সাথে আমাদের কিছু কিছু নেতা জড়িত ছিল। তাদের আইনের আওতায় আনা হয়েছে। আবার অনেককে সামাজিক বিচারের আওতায় আনা হয়েছে। গরু চুরির সমস্যা আমাদের জন্য বড় সমস্যা।
নৌকার পক্ষে ভোট চেয়ে মোহাম্মদ আলী বলেন, আগামী সাত জানুয়ারি সবাই ভোট দিতে আসবেন। যাকে খুশী তাকে ভোট দিবেন। শান্তিপূর্ণ ভাবে ভোট দিবে। আমি আশাকরি খুবই সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। কোথাও বিশৃঙ্খলা হবে বলে আমি মনে করি না। আগামী দিনের আমাদের পথ যেনো সুন্দর হয়। এই দ্বীপ টা যেনো আট দশটা পর্যটন স্পট হয় আমরা তা করবো। যেনো দেশের নয় বিদেশি পর্যটকরা যেনো আসতে পারে।
গরু চোরের তথ্য দিলে পুরস্কারের বিষয়ে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, অনেক পরিবার আছে একটা দুইটা গরু দিয়ে তাদের সংসার চলে। এসব গরু চুরি হয়ে গেলে তারা নিঃস হয়ে যায়। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তাই গরু চুরি রোধ করতে কিছুদিন আগে এই ঘোষণা দিয়েছি। তথ্য দাতাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
পথসভায় হরণী ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতার হোসেন, জেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহি উদ্দিন মহিন, যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের মোহাম্মদ আলী (নৌকা), জাতীয় পার্টির মুশফিকুর রহমান (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের তারিকুল ইসলাম (ছড়ি)। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯৬টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১৩২ জন।
আপনার মতামত লিখুন :