প্রকাশিত: 11 January, 2024
সর্বশেষ আপডেট : 11 January, 2024

আজ হাসপাতাল ছেড়ে বাসায় যেতে পারেন খালেদা জিয়া

দীর্ঘ ৫ মাস হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

বুধবার (১০ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার শিডিউল রয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। আবার সন্ধ্যায় কেবিনে আনা হয়।

২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ২৬ অক্টোবর খালেদা জিয়ার যকৃতের রক্তনালীতে সফল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক দেশে আসেন। ওই তিন চিকিৎসক হলেন— যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ আহমাদ আবদুর রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও হেপাটোলজির অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন। অস্ত্রোপচারের ফলে লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

বিএনপির দাবি ৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও পড়ুন