
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চতুর্থ মেয়াদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় ধানমন্ডি এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এসময় কাদের মির্জার ছোট ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা মাসরুর কাদের তাশিক উপস্থিত ছিলেন।
এবিষয়ে কাদের মির্জা বলেন, নোয়াখালীর কৃতি সন্তান, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অতি আস্থাভাজন, মন্ত্রী পরিষদের অন্যতম সফল মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছি। এর আগে আমরা টানা দুইদিন কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছি এবং আনন্দ মিছিল করেছি। ওবায়দুল কাদের সাহেব আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা মাসরুর কাদের তাশিক বলেন, ওবায়দুল কাদের মহোদয় আমাদের গর্ব । তিনি আমাদের মা, মাটি ও মানুষের নেতা। চতুর্থবারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। সোমবার সকাল ১১টায় উনার বাসভবনে গিয়েছে। প্রায় ৪০ মিনিট উনার সাথে আলাপ আলোচনা হয়েছে। তিনি নোয়াখালীর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে টানা পাঁচবারের মতো আইন প্রণেতা হলেন তিনি। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ওবায়দুল কাদের এখন পর্যন্ত ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৭৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা তানভীর আহমেদ (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।
আপনার মতামত লিখুন :