প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৪

১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য পাঠানোর নির্দেশ

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয়ের তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি সকল জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের (বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ) স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রিটার্ন এর তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে নিম্নোক্ত ছকে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এবারের নির্বাচনে ভোটার প্রতি প্রার্থীর সর্বোচ্চ ব্যয় হবে ১০ টাকা নির্ধারণ করে দিয়েছিল ইসি। তবে ভোটার সংখ্যা যাই হোক না কেন মোট ব্যয় ২৫ লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিল।

অন্যদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, যে দল থেকে সর্বোচ্চ ৫০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবে, সে দল সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় করার সুযোগ পেয়েছে।

৫১ থেকে ১০০ জন প্রার্থীর জন্য সর্বোচ্চ দেড় কোটি টাকা, ১০১ থেকে ২০০ প্রার্থীর জন্য তিন কোটি টাকা এবং ২শ বেশি প্রার্থী দিলে সংশ্লিষ্ট দল সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিল। এই হিসেবে এবার সর্বোচ্চ ব্যয় করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ আওয়াম লীগ ও জাতীয় পার্টি।

আরও পড়ুন