প্রকাশিত: 3 February, 2024
সর্বশেষ আপডেট : 3 February, 2024

বেগমগঞ্জে মাটি পরীক্ষার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ৩ নির্মাণ শ্রমিকের

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে বহুতল ভবনের সয়েল টেস্টের কল স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর গ্রামের রিয়াজ (২৮), উত্তর ওয়াপদা গ্রামের মোহাম্মদ জালাল মজুমদারের ছেলে সাকিল (২০) ও কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার কামরুল হাসান (৩০)।

স্থানীয় বাসিন্দা পিন্টু আলম বলেন, নিহতরাসহ মোট ০৫ জন নির্মাণ শ্রমিক ইউসুফ নামের এক কনট্রাকটরের অধীনে দুর্গাপুর ইউনিয়নের একটি ৫ তলা ভবনে কাজ করছিল। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দুইটার সময় সয়েল টেস্টের কল স্থাপন করতে গিয়ে অসাবধানতা বশত তিন জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা মরদেহ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, দুপুর পৌনে ৩টার দিকে মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও চারপাশ ভারি হয়ে উঠেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূলত পঞ্চম তলা ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার কাজ চলছিল। মাটি পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন