
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বামীর বিরুদ্ধে দৈহিক সম্পর্কের সময় ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে টাকা আদায়ের অভিযোগ করেছেন স্ত্রী (৪১)। শনিবার (৩ ফেব্রুয়ারি) হাতিয়া থানায় এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্ত আবুল হাশেম (৩৫) সোনাদিয়া ইউনিয়নের সোনাদিয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুছের ছেলে।
লিখিত অভিযোগে স্ত্রী দাবি করেন, আমার স্বামী আবুল হাশেম প্রথম বিয়ের কথা গোপন রেখে আমাকে বিয়ে করেন। বিবাহের প্রাথমিক অবস্থায় স্বামী-স্ত্রী সুসম্পর্কের সুবাদে দৈহিক মিলনের দৃশ্য স্বামী আবুল হাশেম তার মোবাইলে ধারণ করে। এভাবে বিভিন্ন সময় ধারণ করতো এবং অর্থ দাবি করতো। আমি অর্থ প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করলে ধারনকৃত আমাদের শারীরিক সম্পর্কের ভিডিও এবং স্থিরচিত্র গুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখালে নিরুপায় হয়ে মান সম্মানের ভয়ে বিভিন্ন তারিখে স্বামীকে ৫ লাখ ৭০ হাজার টাকা প্রদান করি। গত ১৯ জানুয়ারি ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
ভুক্তভোগী স্ত্রী বলেন, আমার স্বামী আমাদের শারিরীক সম্পর্কের ধারণ করা ভিডিও গুলো ভাইরাল করার ভয় দেখাচ্ছে। আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। সামাজিকভাবে আমি নিরুপায় হয়ে আছি। কাউকে মুখ দেখাতে পারছিনা। আমি এসব যন্ত্রণা থেকে মুক্তি চাই নইলে যেকোনো সময় আমি আত্মহত্যা করতে পারি।
ভুক্তভোগীর চাচাতো ভাই আবদুল হাকিম বলেন, আমার বোনের স্বামীর সাথে কোনো ডিভোর্স হয়নি। কোনো কাগজপত্র পাইনি। নিরুপায় হয়ে আমার বোন আইনের আশ্রয় নিয়েছে। আমরা তাকে নজরদারিতে রাখছি। যেনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে দোষী আবুল কাশেমের শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার করে স্বামী আবুল কাশেম বলেন, তার সাথে আমার ছাড়াছাড়ি হয়েছে ১৫ দিন আগে। সে এখন মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে আমি সকল শাস্তি মাথা পেতে মেনে নিবো।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে অভিযোগ পায়ায়ার বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ। তিনি বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং তদন্ত করছি। যদি অভিযোগের সত্যতা পাই তাহলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ভুক্তভোগী নারী যদি কোনো নিরাপত্তা চায় আমরা সহযোগিতা করবো।
আপনার মতামত লিখুন :