
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় জেলেদের মৎস্য আহরণে বাধা, সন্ত্রাসী কায়দায় হামলা ও হয়রানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে চর জাগলা এলাকা। এ ঘটনার প্রতিবাদে ৩নং সুখচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর জাগলার গুরুত্বপূর্ণ খালসমূহ জোরপূর্বক দখল করে মাছ ধরায় বাধা সৃষ্টি করছেন প্রভাবশালী ব্যক্তি মনির মেম্বার ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, তারা সরকারি ডাকা (লিজ) দেখিয়ে স্থানীয় দরিদ্র, অসহায় ও হতদরিদ্র জেলেদের খাল থেকে উচ্ছেদ করছে এবং প্রতিবাদকারীদের উপর চালাচ্ছে হামলা ও শারীরিক নির্যাতন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মনির মেম্বার তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নবীর উদ্দিন, আশরাফুল ইসলাম, জিহাদ উদ্দিন, মাওলানা ইব্রাহিম, নিজাম উদ্দিন, জয়, আকাশসহ প্রায় দুই শতাধিক স্থানীয় সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসমাইলা হোসেন, জেলে আরমান, আবুল হাশেম, মিরাজ জেলে, স্বপন চন্দ্র দাসের স্ত্রী শেফালী দাস, মনির মাঝির স্ত্রী দিলারা বেগমসহ অনেকে।
বক্তারা বলেন, “আমরা নদীর পাড়ে থাকি, খাল আমাদের জীবিকা। এখন সেটাও কেড়ে নিচ্ছে প্রভাবশালীরা। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব।
তারা আরও বলেন, স্থানীয় প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে চর জাগলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। দীর্ঘদিন ধরে স্থানীয় জেলেরা এসব খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে প্রভাবশালী মহলের দখলদারিত্বের কারণে তারা চরম সংকটে পড়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মনির মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন যে বা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, এই সব বিষয়ে আমি কিছু,জানি না, আর আমার বাড়ী হচ্চে চরকিং, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় সুখচরে,আমার সাথে তার সম্পর্ক নাই।
আপনার মতামত লিখুন :