
হুমায়ন আকাশ,চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে গুরুত্বপূর্ণ সড়কের একাংশ ও পাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবাধে চলছে ইট, বালু, পাথর ও কংক্রিটসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর ব্যবসা। মূল সড়কের ওপর এভাবে ব্যবসা পরিচালিত হওয়ায় একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে সাধারণ পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চাটখিলের ব্যস্ততম সড়কের দুই পাশে মেসার্স ট্রেডার্স ও ব্যবসায়ীদের একাংশ খোলা জায়গায় বালু ও পাথর স্তূপ করে রেখেছেন। প্রতিনিয়ত ট্রাক ও ড্রামট্রাক থেকে বালু-পাথর খালাস করার কারণে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ ছাড়া বাতাসের সাথে বালু উড়ে গিয়ে পথচারী ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে। বৃষ্টির দিনে এসব সামগ্রী ধুয়ে সড়কে ছড়িয়ে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় এক পথচারী জানান, “প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কের সিংহভাগ অংশ দখল করে বালু-ইট রাখায় হেঁটে চলাচলেও ঝুঁকি নিতে হয়। ছোটখাটো দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা।অভিযোগ রয়েছে, এই অবৈধ দখলের বিষয়ে একাধিকবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। মাঝে মাঝে লোকদেখানো প্রচারণা বা সতর্কবার্তা দেওয়া হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে অবৈধভাবে দখলকৃত সড়ক উদ্ধার এবং যত্রতত্র নির্মাণসামগ্রী রাখার ব্যবসা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কঠোর প্রশাসনিক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :