
হুমায়ন আকাশ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
আসন্ন বদলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাটখিল উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে নতুন মেরুকরণের আবহাওয়া তৈরি হয়েছে। আর এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক, দক্ষ সংগঠক ও আইনজীবী এ্যাডভোকেট আরাফাত হোসেন তুহিন।
এ্যাডভোকেট আরাফাত হোসেন তুহিন দীর্ঘদিন ধরে ঢাকাস্থ চাটখিল উপজেলা জাতীয়তাবাদী ইয়ুথ ফোরামের আইন বিষয়ক সম্পাদক, ঢাকাস্থ চাটখিল উপজেলা নাগরিক সোসাইটির আইন বিষয়ক সম্পাদক এবং
চাটখিল উপজেলা জাতীয় মানবাধিকার কমিশনের আইন বিষয়ক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এমনকি অ্যাড. আরাফাত হোসেন (তুহিন) নিজ গ্রামের সামাজিক সংগঠন স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের সন্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনের পাশাপাশি এলাকার অসহায় ও বঞ্চিত মানুষের আইনি সহায়তা প্রদান এবং সামাজিক নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থেকে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ৪ নং বদলকোট ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে আধুনিক ও সুসংগঠিত ইউনিয়ন গঠনে একজন শিক্ষিত, সৎ ও তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা তারা গভীরভাবে অনুভব করছেন। সেই দিক থেকে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এ্যাডভোকেট তুহিন সাধারণ মানুষের নজর কেড়েছেন। নিজের প্রার্থিতার বিষয়ে এ্যাডভোকেট আরাফাত হোসেন তুহিন বলেন আমি কোনো ব্যক্তিস্বার্থের জন্য রাজনীতি বা সমাজসেবা করি না। ৪ নং বদলকোট ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। স্থানীয় জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে অবহেলিত বদলকোট কে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করবো।
ইতিমধ্যেই তিনি এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়িয়ে দিয়েছেন এবং তরুণদের সাথে নিয়ে বিভিন্ন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য ও শিক্ষিত তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করা হলে বদলকোট ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত হবে।
আপনার মতামত লিখুন :