প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২৫

বাবার মৃত্যু না পেরোতেই সন্তানের জন্ম, সুবর্ণচরে বিষাদের ছায়া

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরের পূর্বচরবাটা ইউনিয়নের চরলাঙ্গলিয়াএক হৃদয়বিদারক ঘটনায় পরিবারের আনন্দ আর শোক একসাথে মিলেমিশে গেছে। মাত্র ২৪ ঘণ্টা আগে বাবা রাশেদ মারা যান নয়তলা ভবন থেকে পড়ে, আর পরদিন তার ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান।

জানা যায়, আবুল কালামের বড় ছেলে রাশেদ (২৪) পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। জীবিকার সন্ধানে তিনি চট্টগ্রামের কোতোয়ালিতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন। গত ১৮ জুলাই শুক্রবার দুপুর ১২টার দিকে কাজ করার সময় নয়তলা ভবন থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই দুর্ঘটনায় সুবর্ণচরের আরও একজন নির্মাণশ্রমিকের মৃত্যু ঘটে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাশেদের স্বপ্ন ছিল—একটি পুত্র সন্তান হলে আত্মীয়-স্বজন সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। ভাগ্যের নির্মম পরিহাস, সেই স্বপ্ন পূরণের আগেই তাকে বিদায় নিতে হলো পৃথিবী থেকে।

রাশেদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর কোল জুড়ে পুত্র সন্তানের আগমনে একদিকে জন্মের আনন্দ, অন্যদিকে বাবার শোক—এই দুই অনুভূতির মাঝখানে বাকরুদ্ধ পুরো পরিবার।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, “একদিকে পুত্র জন্ম, অন্যদিকে বাবার লাশ—এমন হৃদয়বিদারক দৃশ্য আমরা কখনো দেখিনি।”

রাশেদের পরিবার এখন সহায়তা ও দোয়ার আশায় তাকিয়ে আছে সমাজের সহানুভূতিশীল মানুষের দিকে।

আরও পড়ুন