প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২৫

৩৫ ম্যাচ অপরাজিত ইংল্যান্ড, অপেক্ষায় স্পেন্স

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখল ইংল্যান্ড। ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৭৪ নম্বরে থাকা অ্যান্ডোরাকে ২-০ গোলে হারাল ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

এনিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইল ইংল্যান্ড। ২০০৯ সালের অক্টোবরে সবশেষ ১-০ গোলে হেরেছিল তারা। এরপর ১৬ বছর ও ৩৫ ম্যাচে তাদের জয় ২৭টি আর ড্র বাকি ৮টি।

ঘরের মাঠ ভিলা পার্কে দুই দলের র‍্যাংকিং বা শক্তি-সামর্থ্যের পার্থক্য বেশ ভালোভাবেই বুঝিয়ে দেয় ইংল্যান্ড। ম্যাচে প্রায় ৮৩ শতাংশ সময় বলের দখল ছিল তাদের কাছে।

গোলের জন্য সব মিলিয়ে ১১টি শট করে টমাস টুখেলের দল। এর মধ্যে জাল বরাবর ছিল ৭টি। বিপরীতে অ্যান্ডোরার দুই শটের একটিও লক্ষ্যে ছিল না। তাই বেকার সময়ই কাটে ইংলিশ গোলরক্ষকের।

তবে মাঠের পারফরম্যান্সের দাপট ঠিক প্রতিফলিত হয়নি ম্যাচের স্কোরলাইনে। প্রথমার্ধে তো নিজেরা গোলই করতে পারেনি ইংল্যান্ড।

এই ম্যাচের আগে প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলের স্কোয়াডে ডাক পান জেড স্পেন্স। প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ইংল্যান্ডের হয়ে অভিষেকের অপেক্ষায় ছিলেন তিনি।

তবে ম্যাচের শুরুর একাদশ বা বদলি হিসেবেও নামার সুযোগ পাননি স্পেন্স। তাই অপেক্ষা বাড়ল ২৫ বছর বয়সী এই ফুল ব্যাকের। সার্বিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে তাকিয়ে স্পেন্স।

অ্যান্ডোরার বিপক্ষে ইংল্যান্ড লিড পায় নিজেদের সৌভাগ্যের সুবাদে। ম্যাচের ২৫ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন অ্যান্ডোরার ডিফেন্ডার গার্সিয়া।

পরে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ডেক্লান রাইস। এর আগে-পরে অনেক চেষ্টা করেও জালের দেখা পাননি হ্যারি কেইন, মার্কাস র‍্যাশফোর্ডরা। তবে জিততে কোনো অসুবিধা হয়নি।

বাছাইয়ের ‘কে’ গ্রুপে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই ইংল্যান্ড। পাঁচ ম্যাচে জয়হীন অ্যান্ডোরার অবস্থান পাঁচ দলের মধ্যে তলানিতে।

আগামী মঙ্গলবার রাতে সার্বিয়ার মাঠে খেলতে যাবে ইংল্যান্ড।

আরও পড়ুন