
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : জেলার সেনবাগ উপজেলার অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনী ভেঙে অকেজো এবং এক লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ অভিযানে উপজেলার ইয়ারপুর এলাকার ‘নিজাম ব্রিকস’ এবং ‘হক ব্রিকস’ নামে দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বর্ণিত আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে ইটভাটার চিমনী ভেঙ্গে অকেজো করে দেয়া হয়। এসময় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা আর্থিক দন্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন সেনবাগ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম ।
এ সময় পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন এবং সেনবাগ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে সহায়তা করেন।
আপনার মতামত লিখুন :