প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৫

সেনবাগে ‘জয়বাংলা’ শ্লোগানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : জেলার সেনবাগ উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক ‘জয়বাংলা’ শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কানকিরহাট বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পিঠা উৎসবে ওই ঘটনাটি ঘটেছে। এ ঘটনার জন্য ছাত্রদল কলেজের প্রিন্সিপাল নেছার উদ্দিনকে দায়ী করেছে।

সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাকিল জানান, প্রিন্সিপাল নেছার উদ্দিন তাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ না করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার সঙ্গে পরামর্শ করে পিঠা উৎসবের আয়োজন করে এবং রাতে ওই সংগঠনের নেতার সঙ্গে ছবি তুলে ফেকবুকে পোষ্স্ট দেন। এরপর দুপুরে কলেজের প্রিন্সিপাল নেছার উদ্দিনের যোগসাজসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল যুবক পিঠা উৎসবে এসে নাচানাচি করে ও জয়বাংলা শ্লোগান দেয়। এরপর প্রতিবাদ করলে তাদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে তারা ধাওয়া করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেন। ছাত্রদল নেতাদের দাবী- নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট দেয়া ও নিষিদ্ধ ছাত্রলীগকে পিষ্ঠপোষকতার দায়ে প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান তারা।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্যাস্পাসে উত্তেজনা দেখা দেয়ায় নির্দিষ্ট সময়ের দেড় ঘন্টা আগে পিঠা উৎসব বন্ধ করে দেয়া হয়। এতে শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন পিঠা অবিক্রিত থেকে যাওয়ায় তারা ক্ষতির সম্মুখিন হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করলে প্রিন্সিপাল নেছার উদ্দিন জানান, ৫-৬ দিন পরিশ্রম করে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। কিন্তু কয়েকজন ছাত্রলীগ নেতা পিঠা উৎসবের স্টলে এসে জয়বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি অফিস থেকে নিচে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ছাত্রলীগ নেতার সঙ্গে তার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, আগের রাতে স্টল পরিদর্শনে এসে ওই ছবিটি তোলেন। কিন্তু তিনি কোনো ছবি ফেসবুকে পোষ্ট দেননি।

এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন