প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫

সুবর্ণচরে এসএসসি ও সমমান পরীক্ষার সময় বিদুৎ বিভ্রাট নিরসনে ছাত্রদলের চিঠি

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রস্তুতিতে অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছে এমন অভিযোগ এনে দ্রুত সমস্যা সমাধানের দাবিতে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর লিখিত চিঠি দিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত এবং চরজুবিলী রাব্বানীয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নুর উদ্দিন জাহেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘বিদ্যুৎ সরবরাহের অস্থিরতা বিশেষ করে সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক প্রভাব ফেলছে। এসএসসি পরীক্ষার্থীরা ইতোমধ্যে মানসিক চাপে রয়েছে। তার ওপর বিদ্যুৎ বিভ্রাট তাদের দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে।’

চিঠিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার হচ্ছে একটি সুষ্ঠু, নিরবিচ্ছিন্ন ও অনুকূল পরিবেশে পরীক্ষা প্রদান করা। অথচ বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেই অধিকার ক্ষুণ্ন হচ্ছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে এসএসসি ও সমমান পরীক্ষায় সুবর্ণচর উপজেলার হাজার হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের নির্বিঘ্ন প্রস্তুতির জন্য স্থায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে সচেতন মহল।

আরও পড়ুন