
হাতিয়া প্রতিনিধি : হাতিয়ায় দ্বীপ নিউ মার্কেটের টেইলার্স সমিতির উপদেষ্টা মো. হেলাল উদ্দিনকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত ও হত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার ৮ এপ্রিল সকালে হাতিয়া উপজেলা সদরের প্রধান সড়কের জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় হাতিয়া দ্বীপ ব্যবসায়ী সমবায় সমিতি, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি ও হাতিয়া শহর টেইলার্স সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাতিয়া শহর টেইলার্স সমিতির সভাপতি মো. সাহাদাত হোসেন, সহ-সভাপতি মো. ইলিয়াছ, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, সহ সম্পাদক মো. রিদন, উপদেষ্টা মোহাম্মদ আলী, নিউ মার্কেটের ব্যবসায়ী মো. ফরহাদ উদ্দিন, সুমন বস্ত্র বিতানের মালিক মো. সুমন এবং ভুক্তভোগী পরিবারের সদস্য হাফেজ মো. নিজাম ও মো. জামাল উদ্দিনসহ অনেকেই।
বক্তারা বলেন, একজন ব্যবসায়ীর উপর প্রকাশ্যে এমন সন্ত্রাসী হামলা দ্বীপবাসীর জন্য আতঙ্কের বিষয়। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
ভুক্তভোগী হেলাল উদ্দিনের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী নোমান ও তার সহযোগীরা আমাদের পৈত্রিক সম্পত্তি বেআইনিভাবে দখলের চেষ্টা করছে। এতে ব্যর্থ হয়ে তারা মঙ্গলবার সকালে আমাদের বাড়িতে হামলা চালায়। হেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। হামলায় বাধা দিতে গিয়ে পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন। আহতদের হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :