প্রকাশিত: ৩ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ জুন, ২০২৫

হাতিয়ায় ট্রলার ডুবশি: পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১ শিশু

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় সাইফুল ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে তিন বছর বয়সী রোহিঙ্গা শিশু তামিম।

সোমবার (২ জুন) বিকেলে হাতিয়ার চানন্দি ইউনিয়নের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী গ্রামের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে। তিনি পুলিশের একজন কনস্টেবল ছিলেন।

এর আগে, গতকাল রবিবার (১ জুন) দুপুরে মেঘনা নদী থেকে নিখোঁজ রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শনিবার (৩১ মে) বিকেলে ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে জনতা বাজার ঘাটের উদ্দেশে রওনা দেয় একটি যাত্রীবাহী ট্রলার।

পথিমধ্যে করিম বাজার এলাকার কাছে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এ পর্যন্ত ওই দুর্ঘটনায় ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এক নারী ও এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে তিন বছর বয়সী রোহিঙ্গা শিশু তামিম।

আরও পড়ুন