
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হলো সোনাইমুড়ীতে। বুধবার (২৫ জুন, ২০২৫) উপজেলার চাষীরহাট ইউনিয়ন পরিষদে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
চাষীরহাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি নতুন বাজার ও ঢাকা-নোয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। একতা সংঘের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সোনাইমুড়ীর পথঘাট। মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন চাষীরহাট ইউনিয়নের বিট অফিসার ও সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইসরাফিল। বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি এবং একটি সুস্থ সমাজ গঠনে এর প্রতিরোধে যুব সমাজের ভূমিকার ওপর জোর দেন।
আলোচনা সভায় উপস্থিত যুবকেরা মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার এবং নিজেদের মাদক সম্পৃক্ততা থেকে দূরে রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী আন্দোলনকে আরও গতিশীল করবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :