প্রকাশিত: ৩০ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ জুন, ২০২৫

সোনাইমুড়িতে বস্তাবন্দী ‘লাশ’ আতঙ্ক: খাল থেকে উদ্ধার হলো মৃত গরু!

মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : সোনাইমুড়িতে বস্তাবন্দী একটি অজ্ঞাত লাশ ভেসে থাকার খবরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে দেখতে পায়, এর ভেতরে কোনো মানুষের লাশ নয়, বরং একটি মৃত গরু রয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ সকালে সোনাইমুড়ি পৌরসভা ৭ নম্বর পৌরসভার একটি খালে। স্থানীয়রা খালে একটি বড় বস্তা ভাসতে দেখে এবং এর আকৃতি দেখে মানুষের লাশ বলে সন্দেহ করে। দ্রুত এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় এবং স্থানীয় থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে বস্তাটি খাল থেকে টেনে তোলা হয় এবং সকলের সামনে সেটি খোলা হয়। বস্তার ভেতর থেকে যখন একটি পচে যাওয়া গরুর মৃতদেহ বেরিয়ে আসে, তখন উপস্থিত জনতা ও পুলিশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। প্রাথমিকভাবে সৃষ্ট আতঙ্ক হাস্যরসে পরিণত হয়।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান. লাশ ভেসে আসার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই পুলিশ পাঠানো হয় । এলাকাবাসীর মধ্যে বেশ আতঙ্ক ছিল। কিন্তু বস্তা খুলে আমরা একটি মৃত গরুর দেহ দেখতে পাই। সম্ভবত কেউ গরু মারা যাওয়ার পর সেটি খালে ফেলে দিয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও, আসল ঘটনা জানার পর সকলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ মৃত গরুর দেহটি সরানোর ব্যবস্থা করেছে।

আরও পড়ুন