প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ আগস্ট, ২০২৫

অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সোনাইমুড়িতে খাল উদ্ধার অভিযান!

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :  সোনাইমুড়ির পৌরসভা  চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার খাল দখলমুক্ত করতে  উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা শত শত দোকানপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যা এলাকার জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল।

বর্ষা এলেই সোনাইমুড়ির বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যেত, কারণ খালের জায়গা দখল করে ভবন ও দোকানপাট নির্মাণ করায় পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। বহু বছরের এই সমস্যার কারণে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছিল।

অবশেষে এই দুর্ভোগের অবসান ঘটাতে কঠোর অবস্থানে এসেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি)- দ্বীনে আলাম জান্নাত এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে  ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনাগুলো। দখলমুক্ত হওয়ার পর খালগুলো তাদের আগের অবস্থায় ফিরে যাবে এবং এতে করে জলাবদ্ধতা কমে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা ব্যাপক সমর্থন জানিয়েছেন। তারা মনে করছেন, এই সাহসী উদ্যোগের ফলে ভবিষ্যতে আর কেউ সরকারি জায়গা দখল করার সাহস পাবে না। জানা গেছে, খাল পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন