প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ আগস্ট, ২০২৫

কোম্পানীগঞ্জে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ৩শ শিক্ষার্থীকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে হানিফ আমেরিকান সিটি। সার্বিক সহযোগিতা করছেন সমাজসেবক ওমর আলী রাজ।

সোমবার দুপুরে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কোর্সটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা ওমর আলী রাজ। প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এবং বিশেষ অতিথি ছিলেন বসুরহাট পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন।

৬ মাস মেয়াদি এই কোর্স অনুষ্ঠিত হবে কোম্পানীগঞ্জের প্রিমিয়ার কম্পিউটার ইনস্টিটিউটে। কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন প্রতিষ্ঠানের সিইও মো. গিয়াস উদ্দিন রুবেল। ফেনী ও ঢাকার অভিজ্ঞ প্রশিক্ষকরা ক্লাস নেবেন। কোর্স শেষে শিক্ষার্থীদের সনদপত্র ও প্রয়োজনীয় আইটি সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজ, সমাজসেবক মো. জয়নাল আবেদীন হাজারী, কনটেন্ট ক্রিয়েটর মো. ফরহাদুল ইসলাম পাবেল, জাহিদ হাসান ফাহিম, জহিরুল ইসলাম রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন