
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : উপজেলা হাতিয়ার বুড়িরচর আসকা বাজার মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। শুক্রবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী আসকা বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সূর্যমুখী দক্ষিণ পাড় মাছ ঘাটের সভাপতি আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, মৎস্য ব্যবসায়ী রাসেল উদ্দিন, মো. রুবেল উদ্দিন, নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী চক্র বিএনপির নাম ব্যবহার করে অবাধে চাঁদাবাজি ও মাছ লুটপাট করছে। একই সঙ্গে দীর্ঘদিনের পুরনো মাছ ঘাটটি বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ চক্র ব্যবসায়ী না হয়েও বিপরীত পাশে আরেকটি মাছ ঘাট গড়ে তুলে বিভিন্ন সময়ে অপপ্রচার, ব্যবসায়ীদের হয়রানি, মিথ্যা মামলা, হুমকি-ধামকি ও মারধর চালিয়ে আসছে।
তারা আরো অভিযোগ করেন, বিএনপির কিছু নামধারী ব্যক্তিকে সামনে রেখে পতিত আওয়ামী লীগের লোকজনই এসব অপকর্ম করছে। ইতিপূর্বে থানায় অনুষ্ঠিত বৈঠকে এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও তারা সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, হাতিয়ার সূর্যমুখী মাছ ঘাটটি এ অঞ্চলের একটি উল্লেখযোগ্য মাছ ঘাট। গত ৫ আগস্টের পরিবর্তনের পর খালের দুই পাড়ে দুইটি পক্ষ আলাদাভাবে ব্যবসা চালালেও সম্প্রতি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :