
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
মঙ্গলবার দুপুরে চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রধান সড়কে নারী-পুরুষ কৃষকরা এই কর্মসূচি পালন করেন।
কৃষকরা জানান, ৩ সেপ্টেম্বর সকালে শাহাদাত হোসেন ইব্রাহিম ও এরশাদ নামের দুই ব্যক্তি চরঈশ্বর ইউনিয়নের কলেজ গেইট এলাকার একটি বাড়িতে সরকারি কৃষি প্রোগ্রামের কথা বলে তাদের ডেকে নেন। সেখানে অপরিচিত একজনকে কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন ও দাউদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিতে প্ররোচিত করা হয়।
অভিযোগ করা হয়, ওই বক্তব্যগুলো ভিডিও করে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। ভিডিও দেখার পর কৃষকরা প্রতিবাদ জানিয়ে বলেন, তাদের বিভ্রান্ত করে জোরপূর্বক এসব কথা বলানো হয়েছিলো, যা সম্পূর্ণ অসত্য।
পরে কৃষকরা মানববন্ধন করে এই অপকর্মের সাথে জড়িত সাবেক উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দিন এবং স্থানীয় ইব্রাহিম- এরশাদদের বিচারের দাবি জানান।
এ বিষয়ে ইব্রাহিম জানান, জসিম স্যারের নির্দেশে তিনি কয়েকজনকে সেখানে পাঠিয়েছিলেন। তবে মিথ্যা প্রচারের বিষয়ে তিনি কিছু জানেন না।
অন্যদিকে অভিযুক্ত জসিম উদ্দিন মোবাইল ফোনে জানান, তিনি বর্তমানে রামগতিতে কর্মরত এবং এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
আপনার মতামত লিখুন :