
দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ সাফের প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ-কুয়েতের মধ্যকার ম্যাচটি শুরু হবে দুপুর ৩টা ৩০ মিনিটে। একই ভেন্যুতে রাত ৮ টায় আরেক সেমিফাইনালে লড়বে স্বাগতিক ভারত ও লেবানন।
২০০৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিলো তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ। এরপর সাত আসরের কোনটিতেই ফাইনালে উঠতে পারেনি ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এবারের আসরের ‘বি’ গ্রুপে লেবাননের কাছে ২-০ গোলে হেরে মিশন শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। আর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর শেষ চারের টিকিট পায় বাংলাদেশ।
৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে উঠে বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয় লেবানন। ‘এ’ গ্রুপ থেকে কুয়েত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় স্বাগতিক ভারত।
এখন পর্যন্ত দুইবার কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবারই হেরেছে বাংলাদেশ। ১৯৭৩ সালে সর্বপ্রথম মারদেকা কাপে কুয়েতের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। এরপর ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে কুয়েতের কাছে ৪-০ গোলে হারে বাংলাদেশ। দীর্ঘ ৩৭ বছর পর আবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও কুয়েতের।
বর্তমানে ফিফা র্যাংকিংয়ে কুয়েতের চেয়ে ৫১ ধাপ পিছিয়ে বাংলাদেশ। ১৯২তম স্থানে আছে লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশ। কুয়েত আছে ১৪১তম স্থানে।
আপনার মতামত লিখুন :