প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ জুলাই, ২০২৫

হাতিয়ায় কারেন্ট জালসহ ৩৩ জেলে আটক

সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া প্রতিনিধি : হাতিয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ অভিযান চলাকালে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের প্রায় ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধভাবে মাছ ধরা রোধ এবং সামুদ্রিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ২টি ফিশিং বোট থেকে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।

এসময় কোস্ট গার্ড সদস্যরা অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে বোটের জেলেরা হঠাৎ করে তাদের ওপর আক্রমণ চালায়। হামলায় কোস্ট গার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হন।

পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা ও সামুদ্রিক সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন