
উপজেলা প্রতিনিধি, সদর : ‘আমিও জিততে চাই’ এমন প্রতিপাদ্যে মঞ্চ নাটক, বিতর্ক, কুইজ, ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতা’সহ নানা আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের মেলা। এ মেলায় তরুণদের অংশগ্রহণে উঠে এসেছে নাগরিক ইস্যু নিয়ে তরুণদের ভাবনা, প্রত্যাশা ও সমাধান নিয়ে নানা প্রস্তাব।
শনিবার সকাল ১০টায় জেলা শহর মাইজদীর নাইস গেস্ট হাউজ প্রাঙ্গনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ এর আয়োজনে মঞ্চ নাটকের মধ্যদিয়ে এ মেলার কার্যক্রম শুরু করা হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ এ মেলায় অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।
মেলায় তরুণরা কর্মসংস্থান, নিরাপত্তা ও স্বাস্থসেবা প্রাপ্তি এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তাদের চাওয়া আরও বেশি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা, সহজে ট্রেড লাইসেন্স, ঋণ সহায়তা, স্বাস্থ্যসেবায় সরকারি সুযোগ সুবিধা ও সেবার মান বাড়ানো। এছাড়া রাস্তাঘাটে চলাচলে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) কর্তৃক বাস্তবায়িত ষ্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডষ্কেপ (এসপিএল) প্রকল্পের এ ক্যাম্পেইনে ডিআইয়ের জেলা রাজনৈতিক ফেলো মজিবুল হক রনির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস মুক্তা, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা মহিলা দলের সভাপতি শাহানাজ পারভীন, জাতীয় পার্টির সদর উপজেলা সাধারণ সম্পাদক লিটন’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :