
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম পাটোয়ারীর পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মেডিকেয়ার ইউনাইটেড হাসপাতালের সামনে সোনাইমুড়ী বাইপাস সড়কে প্রায় ২ ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ
সময় ঢাকা-নোয়াখালী মহাসড়কে যানবাহন আটকা পড়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শহিদুল ইসলাম কলেজের ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও নারী শিক্ষিকাদের সঙ্গেও অশ্লীল আচরণ করেন। এতে শিক্ষার্থীরা তার অপসারণের আন্দোলনে বাধ্য হন বলে জানান।
এ বিষয়ে অধ্যক্ষ শহিদুল ইসলাম মানবজমিনকে বলেন, বর্তমানে অধ্যক্ষ পদ শূন্য থাকায় আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। নতুন অধ্যক্ষ যোগদান করলে আমি যথানিয়মে দায়িত্ব হস্তান্তর করবো। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো ভিত্তি নেই।
আপনার মতামত লিখুন :